বাধ্যতামূলক এক কিউআরে বাড়ল ডিজিটাল লেনদেন,তিনগুণ অর্থের প্রবাহ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৩ ২৩:০৩:২২
image

দেশে একক কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা চালুর পর ডিজিটাল লেনদেনে উল্লেখযোগ্য গতি এসেছে। ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা বাধ্যতামূলক করার পর বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি এবং লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্যোগটির আওতায় গত ১ জুলাই থেকে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহারের বিধান কার্যকর করা হয়।
জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনের দৈনিক আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।
তবে সাম্প্রতিক এক সপ্তাহের হিসাবে পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। এ সময়ে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৩ হাজার লেনদেন হয়েছে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেনের অর্থমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।
শুধু লেনদেন নয়, বাংলা কিউআর গ্রহণকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ২১ জুলাই পর্যন্ত এ ব্যবস্থার আওতাভুক্ত ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা বিস্তারে সক্রিয় ভূমিকা রাখছে। ফলে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে কিউআরভিত্তিক অর্থ লেনদেন আরও সহজলভ্য হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা কিউআরের দ্রুত বিস্তার দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করার পাশাপাশি নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক অর্থ পরিশোধ কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।

বাংলা কিউআর, ডিজিটাল লেনদেন, একক কিউআর