চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএমডিএ (বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়াম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বরেন্দ্রাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নীচে নেমে যাচ্ছে। এজন্য সরকার এ অঞ্চলে সেচের কাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে জোর দিচ্ছে। এরই আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর পানি ডাবল লিফটিং পদ্ধতিতে উত্তোলণ করে ১৬ কিলোমিটার দূরে খালে ফেলে খাল থেকে ছোট ছোট এলএলপি পাম্পের মাধ্যমে ফসলী জমিতে সরবরাহে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প। প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবে বরেন্দ্রাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার কয়েকটি উপজেলার কৃষক। এ প্রকল্পের ব্যাপারে প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। আগামী অর্থবছর থেকেই প্রকল্পের কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।
শনিবার(২২ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রকল্পস্থল রহনপুরের মকরমপুর ফেরিঘাটের নিকট মহানন্দা ও পূর্ণভবা নদীর মিলনস্থল, গোমস্তাপুরের বিএমডিএর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, খাল-নদী,বরেন্দ্রাঞ্চলের ফসলী মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে আলাপের পর বিএমডিএ চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, আগামীরে বরেন্দ্রাঞ্চলে সেচের কাজে বিদ্যূৎ ব্যবহার বন্ধ করে সোলার বিদ্যূৎ এর সাহায্যে সেচপাম্প চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া নদী ও খাল খনন করে পানি ধরে রেখে শুস্ক মৌসুমে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
চেয়ারম্যানের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএ নির্বাহী পরিচালক জাহঙ্গীর আলম খান, বিএমডিএ রাজশাহীর নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান,বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী পরিচালক আল মামুনুর রশীদ সহ সংশ্লিস্টরা।