বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সফল ও কল্যাণময় মেয়াদ প্রত্যাশা করেছেন।
এক অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফলভাবে কাজে লাগবে বলে তিনি আশাবাদী।
ভারতের রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধন অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক উষ্ণতার ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রয়েছে উল্লেখ করে দ্রৌপদী মুর্মু ভবিষ্যতে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত।
অভিনন্দনবার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির জন্যও শুভকামনা জানান।
অভিনন্দন, ভারত-বাংলাদেশ, রাষ্ট্রপতি