চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শামীম রেজা রাজু (১৯) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদাশিবপুর টিকোষ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর এসএসসি উত্তীর্ণ হয়েছিলেন।
স্থানীয়,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২০ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুই বন্ধুকে নিয়ে শিবগঞ্জে পাগলা নদীর কানসাট ব্রীজের নিকট গোসলে নামেন রাজু। এক পর্যায়ে তিনি তলিয়ে গেলে বন্ধুরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চালায়। তাঁরা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল সাড়ে ৪টার পরপরই রাজুকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, দুপুর দেটার দিকে খবর পাবার পর রাজশাহী থেকে আসা ডুবুরীরা মাত্র পনের মিনিটের চেষ্টায় রাজুকে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।