বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি প্রকাশ করা হয়। এতে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ৬ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন-এই মর্মে ঘোষণা করা হলো।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলের গেজেট প্রকাশ করা হয়।
শুক্রবার বঙ্গভবনে শপথ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার তাঁকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পড়াবেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করা হবে।
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন এবং এর পরপরই ফলের সরকারি গেজেট প্রকাশ দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রপতি, গেজেট, মির্জা ফখরুল