শিক্ষার্থীদের হাতে ফলদ-ঔষধি গাছ বিতরণ করল চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি:
  • ২০২৬-০৮-২০ ১৬:৪৪:০৮
image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে যশোর সদর উপজেলার দোগাছিয়া জামি'আ ইসলামিয়া বাহরুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের অর্থায়নে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫৪টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি মাদরাসা প্রাঙ্গণে এসব গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মনিরুল ইসলাম, উপদেষ্টা আবু জাফর বিশ্বাস, উপদেষ্টা ইমরান নাজির, কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আলী রেজা রাজু, আর এস রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সম্রাট সাকিল, রেজুয়ান আহমেদ রিয়াদ, আনোয়ার হুসাইন মাদরাসার শিক্ষকবৃন্দ হাফেজ মাওলানা শাহ আলম ও মুফতি ইকরাম হুসাইন এবং সংগঠনের অন্যান্য সদস্য। সংগঠন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি মাদরাসা প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যেও এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে সেগুলোর নিয়মিত পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ বখতিয়ার হোসেন বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষাও আমাদের সামাজিক দায়িত্ব। দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” উল্লেখ্য, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা, রক্তদান, শিক্ষা সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।