চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২০ ১৬:৩৬:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় শ্রী অন্তর (৩৪)  নামে এক যুবককে যাবজ্জীবন  কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো.হায়দার আলী খোন্দকার একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন।  দন্ডিত অন্তর চাঁপাইনবাবগঞ্জ পৌর ১ নং ওয়ার্ডের রেল কলোনি (রেল ষ্টেশন,চন্ডিতলা) মহল্লার মৃত  শুকুমন ওরফে সুকুমার এর ছেলে।
আদালত সূত্র  জানায়  এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৪ সালের ১১ জানুয়ারী সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার চুনারীপাড়া এলাকায় পুলিশ অভিযানে পঞ্চাশ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার হন অন্তর। এ ঘটনায় ওইদিন সদর থানায় অন্তরকে একমাত্র আসামী করে মামলা করেন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক। ২০২৪ সালের ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. বদিউজ্জজামান একমাত্র অন্তরকে আসামী করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৬ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত বৃহস্পতিবার অন্তরকে দোষী সাব্যস্ত করে মামলার রায় ঘোষণা করেন।