উ জ্জ্ব লা ম ল্লি ক

  • গোপন তুমি
  • ২০২৬-০৮-২০ ১৫:৩০:৩৪
image

প্রতিটি মানুষের জীবনে এমন একজন-
"তুমি" থাকে, যাকে কখনো ভোলা যায় না।
প্রত্যেক মানুষের জীবনে একটা গোপন "তুমি" থাকে-
সে "তুমি"টা হাসায়, কাঁদায়,
আবার কখনো রোমান্টিকতায় ভাসায়।

সেই "তুমি"টা একান্ত শুধু নিজের থাকে।
তাকে কারো সাথে ভাগ করা যায় না।
সেই "তুমি" টার দেয়া আনন্দ, সুখ, দুঃখ-
রোমান্টিকতা সব একা নিজেকেই ভোগ করতে হয়।
আর যদি কেউ বলে তার জীবনে এমন কোন "তুমি" নেই - এটা সম্পূর্ণ মিথ্যে কথা।

আমি তাকে বলবো--
হৃদয়ের দ্বার খুলে একবার অতীত আর বর্তমান ঘুরে আসুন,
একটা গোপন "তুমি" পেয়েই যাবেন।
সে হয়তো ছিল কৈশোরে, 
হয়তো যৌবনে,নয়তোবা বর্তমানে  আছে।
কিন্তু সে আছেই।
এই "তুমি" টা দূরে- বহুদূরে থেকেও-
 সব সময় আমাদের হৃদয় জুড়েই থাকে।
আমাদের হৃদয় জুড়ে তার বসবাস।

এ জীবনে এই "তুমি" টাকে ভুলে থাকা অসম্ভব।
যেদিন আমাদের এই জীবন অবসান হবে- 
ঠিক সেইদিনই এই "তুমি"টারও অবসান ঘটবে।
এই "তুমি"টা আমাদের ছোট্ট জীবনে--
বাড়ির এক চিলতে বারান্দা হয়েই থাকুক।

যেখানে রোদ আসে, বৃষ্টি আসে, 
মিষ্টি বাতাস বয়ে যায় সর্বক্ষণ ---
সকাল আসে, রাত আসে, সন্ধ্যে আসে --
যেখানে একা দাঁড়িয়ে ব্যস্ততম জীবনে,
প্রাণ ভরে শান্তির নিঃশ্বাস নেওয়া যায়।
নিজের সাথে কথা বলা যায়।

হ্যাঁ এমনি এক চিলতে বারান্দা হয়ে আজীবন-
হৃদয়ে বেঁচে থাক, 
আমাদের হৃদয়ের প্রিয় এই গোপন "তুমি" টা।