কলকাতার হোটেলে ভয়াবহ আগুন,প্রাণ গেল ৯ বাংলাদেশির

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-১৯ ১০:৩৭:৪৫
image

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই বাংলাদেশের নাগরিক। তবে তাঁদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতের দিকে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে হোটেলের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দমকল ও উদ্ধারকারী দল হোটেলের বিভিন্ন কক্ষ থেকে প্রায় ৬০ জনকে বের করে আনতে সক্ষম হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন অচেতন অবস্থায় ছিলেন। পরে তাঁদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা তেমন দেখা না গেলেও ভবনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় সেখানে আতঙ্ক ও হুড়োহুড়ির সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের কয়েকজনকে হোটেলের ভেতর থেকেই উদ্ধার করা হয়। তাঁদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধের কারণেও মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ও দমকল বিভাগ।
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডের পর হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটির প্রবেশপথ সংকীর্ণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আরও বিস্ময়ের বিষয়, ঘটনাস্থল থেকে অল্প দূরত্বেই দমকল বিভাগের কার্যালয় রয়েছে।
মির্জা গালিব স্ট্রিট কলকাতার নিউ মার্কেট এলাকার অত্যন্ত ব্যস্ত একটি বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্রিক এলাকা। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক মানুষ এ এলাকায় যাতায়াত করেন। ফলে এমন একটি স্থানে হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি হোটেলটির নিরাপত্তাব্যবস্থা, অগ্নিকাণ্ডের উৎস এবং জরুরি সময়ে অতিথিদের বের হওয়ার ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা, অগ্নিকাণ্ড, বাংলাদেশি