বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে কাজ করছে। ভারতও নিজেদের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে।
দুই দেশের সম্পর্কের বিভিন্ন জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, অতীতের ঘটনাগুলো ভুলে যাওয়ার প্রয়োজন নেই। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পথ তৈরি করা সম্ভব। দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে গঠনমূলক যোগাযোগ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে যেসব বিষয় এখন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, সেগুলোতে বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ দেখতে চায় ঢাকা।
তিনি বলেন, এসব বিষয়ে বাস্তবসম্মত অগ্রগতি নিশ্চিত করা হলে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পথ আরও সহজ ও উন্মুক্ত হবে।
দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে ভারতীয় হাইকমিশনারের এ বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আলোচনার মাধ্যমে জটিলতা নিরসন এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে কূটনৈতিক যোগাযোগ জোরদারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দিল্লি সফর, বাংলাদেশ-ভারত, কূটনীতি