সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-১৮ ২৩:৫৪:২৬
image

সমাজের কল্যাণে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বড় বড় সামাজিক সমস্যারও সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষায় বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতার তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ তিনি বলেন, মানুষের কল্যাণে যারা কাজ করতে আগ্রহী, তাদের পাশে সরকার সব সময় থাকবে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি শ্রমিকদের জীবনযাপন ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।
কর্মসূচিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।
অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসা পরিচালনার পাশাপাশি শ্রমজীবী ও পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রেইনকোট গ্রহণের সময় শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন। এ সময় চা-শ্রমিকদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
চা-বাগানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় কাজ করা শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণের এ উদ্যোগকে শুধু সাময়িক সহায়তা নয়, বরং শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও মর্যাদার প্রতি রাষ্ট্র ও বেসরকারি খাতের যৌথ দায়িত্ববোধের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

চা-শ্রমিক, রেইনকোট, জনকল্যাণ