কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে শাহাজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ালটন শোরুম, জুয়েলারীসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। মূল্যবান মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এসময় ভবনের আবাসিক বাসায় আটকে পড়া নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনের ধোয়া ও তাপে এক মুক্তিযোদ্ধাসহ দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এরআগে সকাল ১০ টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টার প্রাইজের স্টাফ মো. রানা (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভবনের নিচের ন্যাশনাল ক্রেকারিজ গোডাউনে হঠাৎ আগুন দেখতে পায় লোকজন। মুহুর্তে আগুন পাশ্ববর্তী হাজী এন্টার প্রাইজ এন্ড ওয়াল্টন শো রুম, ডাঃ মতিন ডেন্টাল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটন্যাস জিম, স্কাই ভিউ স্টুডিও ও সেলুন সহ পুরো ভবনে ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় ওসব ভবনে বাসাভাড়ায় থাকা ৫ জন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগির,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমূখ।