সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৮-১৮ ১৯:৫৮:২৫
image

সাতক্ষীরা : "দক্ষতায় শক্তি" এই শ্লোগানকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার জব প্লেসমেন্ট অফিসার মোঃ আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছাঃ লুৎফর নাহার বিথি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান তহিদ। সার্বিক সমন্বয় করেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র্র শেখর হালদার।
কারিগরি দক্ষতা এ মেলায় সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ২’শ যুব তরুণরা অংশ গ্রহন করেন এবং তাদের পছন্দ মত ট্রেডে ভর্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হন। মেলায় অংশগ্রহনকারিদের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়ারিং, রেডিও, টিভি ও ফ্রিজ মেরামত, হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল ইলেকট্রোনিক্স, গবাদি চাষ, হাঁস-মুরগি, আইটি সাপোর্ট সার্ভিস, অটো মোবাইল, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন, গ্রাফিকস এন্ড ডিজাইন, জাপানিজ ও কোরিয়ান ভাষা কোর্স, ড্রাইভিং, অটোমেটিক মেকানিজ, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, সুইং মেশিন অপারেশন, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, শো-পিস ও জুয়েলারিসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, মেলার উদ্দেশ্য ছিল আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের পছন্দমত চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের সুযোগ তৈরী  করা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া। প্রতিভা অন্বেষন-এর মূল লক্ষ্য শুধু যুবকদের প্রশিক্ষণের তথ্য দেওয়া নয়, বরং তাদের প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সংযুক্ত পথ তৈরি করা। অংশগ্রহণকারীদের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী উপযুক্ত প্রতিষ্ঠানে ভর্তির জন্য এনরোলমেন্ট করা হয়েছে। প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।