সৈ য় দ মা জ হা রু ল পা র ভে জ

  • উনিশে মে'র কবিতা
  • ২০২৩-০৯-২২ ২০:৩৬:৫৯
image

জানো কি তোমারা, ভাষার জন্য রক্ত দিয়েছে কারা?
বাংলাদেশের ঢাকা আর আসামের শিলচরের মানুষেরা।

বায়ান্নোর একুশে ফেব্রুয়ারি রাজধানী ঢাকায়
পুলিশের গুলিতে ভাসে রাজপথ, রক্তের বন্যায় ।

রফিক, সালাম, জব্বার,  বরকত আর শফিউর-
ভাষার জন্য তারা দিয়ে গেল প্রাণ অকাতর।

বায়ান্নো থেকে একষট্টি- মাত্র নয় বছর পরে
ভাষার মিছিলে চললো গুলি আবার শিলচরে।

এবার পাঁচটি নয়, এগারোটি তরতাজা প্রাণ
সেই পুলিশের গুলিতে আবার হলো বলিদান।

কুমুদরঞ্জন, কানাই, হিতেশ, তরণী, সুকোমল-
শচীন্দ্র, সত্যেন্দ্র, বীরেন্দ্র,  চণ্ডীচরণ আর সুনীল-

এদের সাথে কমলা ভট্টাচার্য নামে এক সাহসী মেয়ে
ইতিহাসের পেলো অমরত্ব, ভাষার জন্য জীবন দিয়ে।

স্বজন হারানো একুশে ফেব্রুয়ারি আর ঊনিশে মে
বাংলা ভাষার ইতিহাসে গুরুত্বপূর্ণ দিবস সব চেয়ে।

মাতৃভাষার জন্য যারা অকাতরে দিয়ে গেছে প্রাণ
আমরা যেন ভুলে না যাই তাদের কথা আর অবদান।