অনেক দিন ধরেই একটি বিষয় বারবার নানান সময়ে ‘জলের মতো ঘুরে ঘুরে কথা কয়েছে’ আমার সঙ্গে - মানুষ কেন আত্মহননের পথ বেছে নেয়? যারা সে পথ বেছে নেয়, কি কাজ করে তাদের মস্তিস্কে, মননে এবং চিন্তায়? আত্মহত্যার ঠিক আগে কি ভাবে তারা? নিজের জীবন শেষ করে দেয়ার ঠিক আগ মুহূর্তে তারা কি তাদের সিদ্ধান্ত বদলাতে চায়? জানা নেই বহুকাল ধরে আমার মনের মধ্যে ‘নিত্য আসা-যাওয়া ‘ এ সব প্রশ্নের।
আসলে আত্মহননের কথা ভাবলেই আমার মনে পড়ে যায় জীবনানন্দের ‘আট বছর আগের দিন’ কবিতাটি:
‘কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হ’লো তার সাধ।
বধূ শুয়েছিলে পাশে - শিশুটিও ছিলো;
প্রেম ছিলো, আশা ছিলো - জোৎস্নায় - তবু সে দেখিল
কোন ভূত? ঘুম কেন ভেঙ্গে গেল তাঁর?
অথবা হয়নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।’
না, ‘ধূসর কবিতার’ কবিরও কোন উত্তর নেই সে সব প্রশ্নের। ফিরে যাই তাঁর ‘বোধ’ কবিতায় - ‘স্বপ্ন নয় - শান্তি নয় - ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়’। কোন সে ‘বোধ’ - কে বলতে পারে? আবেগ কি তখন বিবেককে অতিক্রম করে যায়? মানুষ কি তখন প্রথাগত বিচারবুদ্ধি হারিয়ে ফেলে, নাকি অন্য কোন ধরনের বিচারবুদ্ধি তাকে গ্রাস করে? আত্মহননের বিষয়টি ঘটলেই আমার সবসময়েই তিনটে কথা মনে হয়।
এক, আমার সব সময়েই মনে হয়, আত্মহত্যা করার সিদ্ধান্তটি একটি মানুষের একক পথযাত্রা। জীবনের বহু সিদ্ধান্তে আমরা অন্যের মতামত চাই। ‘এই চাকুরীটি কি নেবো কি নেবো না - কি পরামর্শ আপনার?’ অথবা ‘ওখানকার বাড়ীটি কি কেনা ঠিক হবে না হবে না - কি মতামত তোমার?’ কিন্তু আত্মহননের আগে কেউ জিজ্ঞেস করেন না, ‘আমি আত্মহত্যার কথা ভাবছি - আপনি কি বলেন?’ আত্মহত্যার ভাবনা এবং সিদ্ধান্ত মানুষের একান্ত নিজস্ব এবং গোপন একটি অভিপ্রায়। এ অভিপ্রায়টির স্বপক্ষে কখনোই ইতিবাচক সমর্থন মিলবে না, কারন এর লক্ষ্য একটি জীবনের হনন। জীবন হননের প্রক্রিয়ায় আমরা কেউ সমর্থক হতে চাই না।

দুই, যারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন, তারা দৃঢ় প্রত্যয়ী, বেঁচে থাকার তাদের আর কোন প্রয়োজন নেই। সবিনয়ে বলি, এর চেয়ে স্বার্থপর সীমাবদ্ধ সিদ্ধান্ত আর নেই। একজন মানুষের প্রয়োজন শুধু তার নিজের কাছে নয়, তার প্রয়োজন তার অতি প্রিয়জনদের কাছে, তার বন্ধুদের কাছে, অন্য মানুষের কাছে। উপরন্তু, অকালে জীবন শেষ করে দিয়ে একজন মানুষ পৃথিবীকেই বঞ্চিত করে। একটি মানুষের কতো সম্ভাবনা থাকে, থাকে কতো সুপ্ত প্রতিভা, কতো সৃষ্টিশীলতা। কতো কি সে দিতে পারতে পৃথিবীকে আর ভবিষ্যতকে। আত্মহনন সেই সব সম্ভাবনার সুযোগকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়।
তিন, বহুদিন আগে আত্মহনন নিয়ে তর্কের এক উত্তুঙ্গ মুহূর্তে কোন এক বন্ধু বলেছিলেন, ‘জীবনটা আমার। সেটা শেষ করব কি করব না, সেটা আমার, শুধুই আমার ব্যাপার’। মেনে নেই না তাঁর সে কথাটি। আত্মহত্যার অধিকার মানুষের আছে কি না কিংবা সে স্বাধীনতা তার থাকা উচিত কি না, সে বিতর্কে আমি যাচ্ছি না। আমার সে যোগ্যতা নেই, স্পর্ধাও নেই।কিন্তু তবু কিছু প্রশ্ন বোধহয় থেকেই যায়। ‘নিজের জীবন’ যাকে বলছি, তাকে তো পৃথিবীতে আমি আনি নি, অন্য দু’জন মানুষ সে জীবনের জন্ম দিয়েছে। একটা সময় পর্যন্ত সে মানুষ দু’জনই তো আমাদের জীবনের পরিচর্যা করেছে। সুতরাং ‘নিজের জীবন’ তো পরিপূর্ণভাবে নিজের জীবন নয় -বেশ কিছুদিন তা আমাদের নিয়ণ্ত্রনে থাকে না। তবু নিজের জীবনে সম্পূর্ণ নিজের বলে দাবী করে আমরা যখন তাকে শেষ করে দেই, তখন ব্যাপারটি কি সঠিক, ন্যায্য? উত্তর জানা নেই। কিন্তু
‘জানি -তবু জানি
প্রিয়জন -প্রেম -শিশু -গৃহ - নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় -
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে।’