রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নবনির্মিত ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে দেশের অন্যতম প্রধান এই স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভবনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান,দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষায়িত চিকিৎসার চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দেওয়া এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যেই হাসপাতালটির শয্যাসংখ্যা ধাপে ধাপে বাড়ানো হয়েছে।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যাত্রা শুরু হয়। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো। ফলে বর্তমানে হাসপাতালটির মোট শয্যা ১ হাজার।
নতুন ভবন চালুর ফলে মস্তিষ্ক, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ আগের তুলনায় বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষায়িত এই চিকিৎসাসেবার পরিধি বাড়ায় রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরাও উপকৃত হবেন।
সংশ্লিষ্টদের দাবি, ১ হাজার শয্যার সক্ষমতা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে। নতুন ভবনের কার্যক্রম পুরোপুরি চালু হলে দেশে স্নায়ুরোগের উন্নত চিকিৎসার সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউরোসায়েন্স, চিকিৎসাসেবা, নতুন ভবন