ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন। ভয়াবহ এই কম্পনে বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকা পড়ে থাকলে উদ্ধারকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের তলদেশে। ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্র হওয়ায় এর প্রভাব ছিল ব্যাপক।
প্রাথমিক কম্পনের পর কয়েক দফা পরাঘাত অনুভূত হয়েছে। পূর্ব ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে বেশ কিছু বাড়িঘর আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধসে পড়া স্থাপনা এবং আতঙ্কিত মানুষের ছোটাছুটির দৃশ্য দেখা গেছে।
সিক্কা শহরের বাসিন্দা ইয়োহান্না এমবু এএফপিকে জানান, শহরের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। তাঁর ভাষ্য, বন্দর এলাকার একটি ভবন নিজের চোখের সামনে ধসে পড়তে দেখেছেন তিনি।
নাগেকে শহরের আরেক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি একটি বাজারে ছিলেন। শক্তিশালী কম্পনে লোকজন আতঙ্কে চিৎকার করে ছোটাছুটি শুরু করে। তিনি বাইরে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।
ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি নিয়ে সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়েসি ও দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি-এই চার প্রদেশে সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ইন্দোনেশিয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
২০০৪ সালের ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে দেশটিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইন্দোনেশিয়া, ভূমিকম্প, সুনামি