ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে নিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৮-১৪ ২২:১৫:২২
image

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানের সঙ্গে তুলে ধরতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের শাসনামলে দেশের ক্রীড়াক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। স্বজনপ্রীতি, দুর্নীতি ও নানা অনিয়মের কারণে ক্রীড়াঙ্গন পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার সেই ঘাটতি কাটিয়ে উঠতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করা এবং দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
মুন্সীনগর প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রোমান স্পোর্টিং ক্লাব (শংকরখালি) ও মদনখালী ফ্রেন্ডস ক্লাব (মদনখালী)।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করে। ১-১ সমতায় ম্যাচ শেষ হলে অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে পারেনি।
শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে মদনখালী ফ্রেন্ডস ক্লাব ৭-৬ গোলে রোমান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে গোল্ডকাপের শিরোপা জিতে নেয়।
ফাইনাল ঘিরে মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিপুলসংখ্যক দর্শক ম্যাচ উপভোগ করেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্রীড়াঙ্গন, ফুটবল, গোল্ডকাপ