কথা দিল মেঘ - মেঘেরা আমার উঠোনে ছড়াবে
অতিথি আষাঢ় - আষাঢ়ের কলতান।
কথা দিয়েছিল মেঘের ডানার ওড়াউরি শেষে
দুর কোন এক গেঁয়ো পথ ধরে
ঝরবে উদয়-অস্ত দিনের নিমগ্ন অভিসারে।
কথা দিয়েছিল আগমনী এক
মেঘ মোড়ানো সন্ধ্যার অবশেষে,
শ্রাবণ নিঝুম- বর্ষার উপকথা -
ভাসাবে সবার আজন্ম লোকালয়।
তবুও তো মেঘ, মেঘের নিঝুম ভুলে গেছে সব কথা।
কথা দিয়েছিল উন্মাদনার মহাপ্লাবনের বেসে
ভাসাবে আমাকে মগ্ন অথৈ শ্রাবণ নিনাদে,
ভেজা ফুল আর নরম পাতায় উঠোন ভরাবে
কথা দিল মেঘ অশান্ত দুরদেশী - দুর বাতাসের
পালক ঝরাবে বিরহী মনের গহীন অতলে।
কথা দিয়েছিল মেঘের আড়ালে লুকাবে চাঁদের আঁধারবেলার দীর্ঘ নিগূঢ় শ্বাস।
কথা দিয়েছিল বারমাসী হবে অনড় আষাঢ়
শ্রাবণের উপকথা,
সারা বছরের সব ঋতু জুড়ে চেনা আকাশের অচিন অশেষ সীমায়
মেঘকণা হবে আষাঢ় গহীন শ্বাস।
সেই কথাগুলো আষাঢ়ের আর শ্রাবনের উপকথা,
বর্ষা হয়েই দুরের বাতাস কাঁদায় ---
বারমাসী হয়ে হৃদয় উঠোন ভেজাবে তো বলেছিল-