আ লে য়া মা ন্না ন

  • কিছুই নাই
  • ২০২৬-০৮-১২ ১৫:৩৭:৫১
image

আমার কাছে প্রিয় তোমায়,নাই যে দেবার কিছু, 
শূন্য হাতে সারা বেলা, ছুটছি চাকরির পিছু।  
ধান-শিশিরের সবুজ দেব,তুমি নিও তুলে,  
সবুজ ঘাসের ফিতা দেব, বেঁধো তোমার চুলে।  

শীতল একটু হাওয়া দেব,পরশ দেবে গায়ে,  
নীল আকাশের আলতা দেব, মেখো তোমার পায়ে।  
এই বেলাতে প্রিয় তোমায়, দেবার নাই যে কিছু, 
কাশফুলের ছোঁয়া দেব, ছুটছি তাহার পিছু।  

প্রজাপতির রঙিন ডানা, পরাব যে তোমায়,  
সমুদ্রের উত্তাল ঢেউ, ডাকছে বুঝি  ইশারায়।  
এই সকালে প্রিয় তোমায়, দেবার নাই যে কিছু,
খালি পকেটে ঘুরে বেড়াচ্ছি, চাকরির পিছু পিছু।  

কলমি ফুলে কানের দুল, নাকফুল দেব কিসে!  
সন্ধ্যা তারার নূপুর দেব, উঠবে তুমি হেসে।  
এই সময়ে প্রিয় তোমায়, নাই যে দেবার কিছু,
শস্যফুলের হলুদ দেব, ছুটছি তাহার পিছু।  

নীড়ে ফেরা পাখিগুলোর, কন্ঠে মধুর সুর,  
অবাক হয়ে শুনবে তুমি, দূর থেকে বহু দূর।  
কবিতা আর গল্প শোনাব, ভরবে তোমার মন,  
প্রাণটা তোমার উঠবে মেতে, নাচবে হৃদয় ক্ষণ।  

এই সময়ে প্রিয় তোমায়, নাই যে দেবার কিছু, 
ভালোবাসার বৃষ্টি দেব, ছুটছি তাহার পিছু।  
আমায় শুধু দিও তুমি, একটুখানি হাসি,  
সে হাসিতে লিখব আমি, ছন্দ রাশি রাশি।  

এই বেলাতে প্রিয় তোমায়, কিছু দেবার আশা,
কষ্টগুলো শূন্য বুকে, বেঁধে রেখেছে বাসা।  
প্রিয় তুমি আমার প্রতি, হারিও না প্রত্যাশা,  
তোমার জন্য অটুট আছে আমার ভালোবাসা।  

এই বিকেলে প্রিয় তোমায়, দেবার নাই যে কিছু,
শূন্য হাতে ছুটছি আমি, চাকরির পিছু পিছু।