সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: 'জাহানারা কাঞ্চন স্মৃতি পদক' পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
  • ২০২৬-০৮-০৮ ২৩:৪৪:১৮
image

সড়ক নিরাপত্তায় অসামান্য ও বিশেষ অবদান রাখায় 'নিসচা মহাসমাবেশ ২০২৬'-এ সম্মানজনক 'জাহানারা কাঞ্চন স্মৃতি পদক' অর্জন করেছে 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা। এই স্বীকৃতি ডুমুরিয়া উপজেলা শাখার সকল নেতাকর্মী ও সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সড়ক দুর্ঘটনা রোধে তাঁদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
​গত ৭আগষ্ট শুক্রবার দিনব্যাপী ঢাকা শিল্পকলা একাডেমীতে আয়োজিত নিসচা'র মহাসমাবেশ এবং বর্ণাঢ্য পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
​এছাড়াও মহাসমাবেশে সড়ক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সারাদেশ থেকে আগত নিরাপদ সড়ক চাই-এর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ডুমুরিয়া উপজেলা শাখার ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননা সারাদেশের অন্যান্য শাখাগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রাপ্তির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিবেচনায় আমরা নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেয়ে খুবই আনন্দিত। এই অর্জন আমার সংগঠনের  সর্বস্তরের নেতা কর্মীর অক্লান্ত ত্যাগ এবং শ্রমের ফসল। এ অর্জন আমার ডুমুরিয়া বাসির। এবং নিরাপদ সড়ক গড়তে আমাদের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।