ছেলের খতনায় সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-০৮-০৭ ২০:৪৪:৫৭
image

 টাঙ্গাইল প্রতিনিধি:
ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি টাঙ্গাইল সদর উপজেলার চারটি মাদরাসা ও এতিমখানার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য একবেলার খাবারের আয়োজন করেন।
শুক্রবার (৭ আগস্ট) সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর ও ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের আগে তারটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে মুসল্লিদের উদ্দেশে প্রতিমন্ত্রী টুকু বলেন, ইসলামে খতনা উপলক্ষে অযথা জাঁকজমকপূর্ণ আয়োজন নিরুৎসাহিত করা হয়েছে। তাই একমাত্র ছেলে মো. সাফারাত ওয়াসিত বিন সালাউদ্দিনের খতনা উপলক্ষে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়েছে।
নামাজ শেষে তিনি জামিয়া আল-হেরা মাদরাসার প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর সঙ্গে একই সারিতে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল, দইসহ বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হয়।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ স্থানীয় নেতাকর্মী, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
নিজ সন্তানের খতনা উপলক্ষে আনুষ্ঠানিকতা পরিহার করে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।