বিশ্বজয়ী এমআইএসটি শিক্ষার্থীদের পাশে সরকার,প্রযুক্তি উদ্ভাবনে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৮-০২ ২৩:১৪:৪২
image

আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তরুণ উদ্ভাবকেরা। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এর বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য এ ধরনের সাফল্য দেশের প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ আরও শক্তিশালী হবে।
তিনি জানান, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য সরকারের বিশেষ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিক ব্যবহার এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারি সহায়তার আশ্বাস দেন।
এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটের কার্যক্ষমতা প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।
শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতে প্রযুক্তি খাতেই নিজেদের ক্যারিয়ার গড়তে এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোক্তায় রূপ দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
দেশের অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধশিল্প, আসবাবপত্র ও প্রসাধনী শিল্পের মতো সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার কাজ করছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের বিকাশে যুক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি খাতে দক্ষতা, উদ্ভাবন ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানারআপ এবং কানাডা তৃতীয় স্থান লাভ করে।

এমআইএসটি, প্রযুক্তি, বিশ্বচ্যাম্পিয়ন