যশোরে জামায়াতের সমাবেশে বিএনপির প্রতি গোলাম পরওয়ারের সমালোচনা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-০১ ১০:২৪:২১
image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি ‘ফ্যাসিবাদের পথ’ থেকে সরে এসে গণআকাঙ্ক্ষার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং সংবিধান সংশোধন ইস্যুতে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন।
শুক্রবার (৩১ জুলাই) যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কেবল সংবিধানের কিছু ধারা সংশোধন করলেই রাষ্ট্র সংস্কার সম্পন্ন হবে না। জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের মৌলিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। তাঁর মতে, গণভোটের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছে, তা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য অপূর্ণ থেকে যাবে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে সংসদের ভেতরের কার্যক্রমের পাশাপাশি রাজপথের আন্দোলনের মাধ্যমেও গণভোটের রায়ের বাস্তবায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকল্পে দলীয় প্রভাব ও ভাগবাটোয়ারার প্রবণতা তৈরি হয়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য গণঅভ্যুত্থান হয়নি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকারের উপস্থাপিত অবস্থানে প্রকৃত সংস্কারের পরিবর্তে আংশিক সংশোধনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক মতামতকে উপেক্ষা করে একতরফাভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, যশোর-১ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, আইনজীবী এ এস এম শাহরিয়ার কবীর এবং এনসিপি যশোরের সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।

জামায়াত, রাষ্ট্র সংস্কার, যশোর