রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে ছুটির দিনে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মাগরিবের নামাজের সময় তিনি বাসায় ফিরে যান।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাঁর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।
উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বারবার রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি নিজেই বিভিন্ন সড়ক পরিদর্শন করছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।
রাজধানীর পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে এ ধরনের সরেজমিন পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজধানী,পরিচ্ছন্নতা,সড়ক পরিদর্শন