বন্ধ সরকারি শিল্পকারখানা চালুতে ২০২৬ সালের সময়সীমা,প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৭-৩০ ২৩:৪২:২২
image

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া আগামী ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা দূর করে শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বন্ধ সরকারি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত সচল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন পুনরায় শুরু করার উদ্যোগ জোরদার করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আগামী ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি শিল্পকারখানা, বিনিয়োগ, শিল্প পুনরুজ্জীবন