গী ত শ্রী সি ন হা

  • বটবৃক্ষ
  • ২০২৬-০৭-৩০ ১৫:০৩:২৯
image

ভাগ্য নিয়ে কাব্য লিখতে বসেছি পাঠকের দরবারে ... 
অশ্লীল শব্দোচ্চারণে ঘোলাটে মাটির ভাঁড়ে  অস্তিত্ব ধর্ষিত হয়... 
দিনে-দুপুরে দীর্ঘ মিছিলের পিছনে বাদামি অসুখ ছিঁড়ে ছিঁড়ে খায় তথাকথিত গিরগিটি  ভদ্রসমাজ ! 
পরিচালক অপ্রস্তুত, ক্যামেরা- অ্যাকশান-রোল বলার আগেই পরিস্থিতি নাগালের বাইরে ! 
এদিকে, ক্লোজড সার্কিট ক্যামেরা নিস্ক্রিয় !  হাওয়া ঢুকে যায় বিশ্বস্ত দিনের হৃৎপিণ্ডে ! 
অসময়ে বটবৃক্ষের শিকড়ে আঁশটে বটির কোপ ! 
ঠিক যেন লাথির ঘায়ে রবীন্দ্র-রচনাবলি লুটোপুটি খায় পাপোশে...
এমন দৃশ্যে বাতাসের বুকে জমে কশা অভিমান। হাড় হিম হয়ে আসে স্মৃতি নষ্ট কতো নিবিষ্ট শীতদিন।
বেসামাল দীর্ঘশ্বাস ঘুমহীন চোখে চাবুক - ছোবল ! 
বটবৃক্ষের আভিজাত্যে সুখ - অসুখের পোস্টমর্টেম  শুরু হয় কালো ময়নার 
অলঙ্ঘ্য শরীরে সার্চলাইট ফেলে... 
যে কাঁদায়... সে-ও কাঁদে একদিন ! 
কেচ্ছার বাগিচায় কাদা মাখামাখি চলে খানিকটা ! 
নেশাগ্রস্ত মারণ উল্লাসে নিরবতার ভাষা বোঝে না... সংকটের আত্মচরিত চলে ... 
আঁশ গন্ধমাখা কোপ পড়ে বটবৃক্ষের অরণ্যে ... 
প্রিয়জনের প্রয়োজন দেওয়ালের চুন-খসা অবাঞ্চিত দাগ ! 
ইতিহাসের প্রচীন বটবৃক্ষ স্থায়ী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাথরের বেদী ঘেরা শরীরী প্রতিমায়...  গঙ্গা স্নান সেরে বেদীতলে জল দিতে গিয়ে আজও আঁশ গন্ধমাখা কোপে রক্ত ঝরে শনি - মঙ্গলে... 
শরীরে আঘাত নিয়ে কচি পাতা জেগে আছে এখনও অসহায় হরিণের মতো ছটফটিয়ে।
চিতার ভিতরে ঢালে জন্ম অসুখ...
পরজন্মের পায়ে জমা আছে হিসেবের ছোপ...

ভারত থেকে