সংলাপের আগে কারাকাসে বিক্ষোভ,নির্বাচনের দাবিতে সরব বিরোধীরা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-২৯ ১১:২৫:৫৯
image

ভেনেজুয়েলায় বহুল আলোচিত রাজনৈতিক সংলাপ শুরুর আগে রাজধানী কারাকাসে মঙ্গলবার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আসন্ন সংলাপকে ঘিরে নিজেদের অবস্থান তুলে ধরতেই এসব মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চলতি সপ্তাহের শেষ দিকে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রাজধানীর রাজপথে ক্ষমতাসীনপন্থী ও বিরোধী সমর্থকদের পৃথক কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সমর্থনে অন্তর্বর্তী সরকার এবং সাবেক বিরোধী আইনপ্রণেতাদের একটি অংশ ‘গণতন্ত্রকে আরও শক্তিশালী করার’ লক্ষ্য সামনে রেখে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে।
মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া বামপন্থি সমর্থকদের দাবি, অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ প্রবল চাপের মধ্যেই আলোচনায় অংশ নিতে যাচ্ছেন।
অন্যদিকে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সমর্থকেরা দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে ডেলসি রদ্রিগেজ ওয়াশিংটনের তত্ত্বাবধানে অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন।
এরই মধ্যে নির্বাসনে থাকা মারিয়া কোরিনা মাচাদো ঘোষণা দিয়েছেন, শনিবার শুরু হতে যাওয়া সংলাপে তিনি অংশ নেবেন না। মঙ্গলবার তার প্রায় ৩০০ সমর্থক কারাকাসে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন।
মাচাদোর দলের মুখপাত্র হেনরি আলভিয়ারেজ বলেন, রাজনৈতিক পরিবর্তনের একমাত্র কার্যকর পথ হচ্ছে নির্বাচন। তার ভাষায়, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়েই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে অন্তর্বর্তী নেতার ভাই ও পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ এবং বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরার নেতৃত্বে অনুষ্ঠেয় সংলাপের কার্যকারিতা নিয়েও নানা মহলে সংশয় দেখা দিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ৬৪ বছর বয়সী আইনজীবী হোসে ফুয়েনমায়র বলেন, তারা আর সংলাপের প্রতিশ্রুতিতে আস্থা রাখেন না; এখন বাস্তব পদক্ষেপ দেখতে চান। তার অভিযোগ, সরকার অতীতেও সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করেছে।
অন্যদিকে প্রয়াত বামপন্থি নেতা হুগো সাভেজের সমর্থকেরা অভিযোগ করেছেন, আসন্ন সংলাপে সরকারের অংশগ্রহণের পেছনে যুক্তরাষ্ট্রের প্রভাব অত্যধিক।

ভেনেজুয়েলা, রাজনৈতিক সংলাপ, নির্বাচন