ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ বিমান হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-২৯ ১০:২৮:৩৩
image

ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ বিমান অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনা ও সৌদি আরবের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলার জেরে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, অভিযানে এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার অভিযোগ রয়েছে।
সেন্টকম সতর্ক করে বলেছে, আইআরজিসি এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো যদি এ ধরনের হামলা বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আরও সামরিক পদক্ষেপ নেবে।
অভিযানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের তেল স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশের পূর্বাঞ্চলের তেল স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এ হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোকে দায়ী করে রিয়াদ বাগদাদের প্রতি আহ্বান জানায়, যাতে তাদের ভূখণ্ড ব্যবহার করে ভবিষ্যতে আর কোনো হামলা চালাতে না দেওয়া হয়। জবাবে ইরাক সরকার ঘটনার তদন্তের নির্দেশ দেয়।
অন্যদিকে সেন্টকম দাবি করেছে, ইরান মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।
উল্লেখ্য, এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও সপ্তাহান্তে উভয় পক্ষ সাময়িকভাবে সামরিক অভিযান থেকে বিরত ছিল।

ইরাক, যুক্তরাষ্ট্র, সৌদি আরব