হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, তাদের পদযাত্রার সময় অতর্কিত হামলা চালানো হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি উপস্থিত গণমাধ্যমকর্মী ও চালকদেরও মারধর করা হয়।
এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসিন আরাফাত বলেন, হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে সারজিস আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে লাঠিসোঁটা হাতে কিছু ব্যক্তিকে দেখা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর এবং সেখানে থাকা সাংবাদিক ও চালকদের ওপর হামলার দৃশ্যও ফুটে উঠেছে।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে, অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মো. জি কে গউছ। তিনি বলেন, এনসিপির সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই এবং তাদের ওপর হামলা করারও কোনো কারণ নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা নেই এবং বিএনপি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলেও তিনি দাবি করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হবিগঞ্জ, এনসিপি, হামলা