রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।
মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, যথাসময়ে নির্বাচন কমিশনের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ জানানো হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনেই জমা হবে এবং কমিশন নিজেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। প্রয়োজনে প্রশাসনিক ও প্রক্রিয়াগত কারণে ভোটগ্রহণের ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। এ-সংক্রান্ত সব তথ্য গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে।
সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতি চললেও নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে কমিশনের সক্ষমতা রয়েছে।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনীয় তথ্য চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবও বৈঠকে অংশ নেন।
রাষ্ট্রপতি নির্বাচন, নির্বাচন কমিশন, তফসিল