১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৭-২৮ ১০:৩৬:২৩
image

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি জানায়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল নির্ধারিত দিনে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহের পদ্ধতি ও অন্যান্য নির্দেশনা পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ফল প্রকাশ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী ছিলেন।

এসএসসি ফল, শিক্ষা বোর্ড, ১০ আগস্ট