শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনা: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ,গ্রেপ্তারি পরোয়ানা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২৮ ১০:১৭:১০
image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার তদন্ত সংস্থার প্রতিবেদন প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়। অভিযোগপত্রে তৎকালীন সরকারের মন্ত্রী, নিরাপত্তা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা, পুলিশ ও র‌্যাবের সাবেক সদস্যসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ তদন্ত শেষে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। তাদের দাবি, এটি শাপলা চত্বরের ঘটনার বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, দুইটি পৃথক ঘটনার ওপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে এবং মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ৯ জন বর্তমানে অন্য মামলায় আটক রয়েছেন। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তদন্তে নিহতদের বিষয়ে তথ্যও তুলে ধরা হয়। প্রসিকিউশন জানায়, তারা ৬১ জন নিহতের তথ্য পেয়েছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনার বিচার চেয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণের পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম নির্ধারিত আইনি প্রক্রিয়ায় চলবে।

শাপলা চত্বর,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,চার্জশিট