আগামীর বাংলাদেশ

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-২৮ ০৯:২৬:২৪
image

শিশুর হাতে আজ যে খাতা,
কাল সে লিখবে দেশের কথা।
ছোট্ট পায়ে যে মাঠ ছোঁয় আজ,
একদিন সে জিতবে বিশ্বের লাজ।

বইয়ের পাতায় স্বপ্ন বোনা,
ঘামের গন্ধে জয়ের সোনা;
খেলার ছন্দ, জ্ঞানের আলো-
এসব মিলেই ভবিষ্যৎ ভালো।

একটি গাছের সবুজ ডালে
হাজার আশার পাখি ডাকে,
একটি চারার কোমল পাতায়
বাংলাদেশের আগামী থাকে।

রাস্তার ধারে পড়ে থাকা
প্লাস্টিক যদি তুলে রাখি,
নদীর জলে ময়লা না ফেলি-
হাসবে আকাশ, হাসবে পাখি।

কুকুর, বিড়াল, পাখির ডাকে
করুণা যদি জাগে প্রাণে,
মানুষ হওয়ার প্রথম পাঠটি
লেখা থাকে সেইখানেই।

শুধু বড় হওয়ার স্বপ্ন নয়,
ভালো হওয়ার হোক অঙ্গীকার;
সততা, শ্রম, ভালোবাসা
হোক জীবনের সত্যিকার।

ডাক্তার হবে, বিজ্ঞানী হবে,
কেউ বা হবে মাঠের নায়ক;
দেশের মানচিত্র বুকে নিয়ে
ছুঁবে সবাই বিজয়ের শিখর।

এসো বন্ধু, হাত ধরি আজ,
ভাঙি সব অন্ধকারের দেয়াল;
একটি শিশুর সুন্দর হাসি
হোক নতুন দিনের জয়ধ্বনি কাল।

কারণ-
একটি শিশুর সঠিক স্বপ্ন,
একটি গাছের সবুজ প্রাণ,
একটি ভালো কাজের ভেতরেই
লুকিয়ে থাকে 'আগামীর বাংলাদেশ।'