দেশের ভবিষ্যৎ নির্মাণে শিশু-কিশোরদের সুশিক্ষা, খেলাধুলা, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরা নিজেদের দক্ষ, সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার উন্নত বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করছে। তবে সেই পথকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে হলে বর্তমান প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলা—উভয় ক্ষেত্রেই সমান মনোযোগী হতে হবে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুললেই দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে।
অনুষ্ঠানে উপস্থিত হাজারো শিশু-কিশোরের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানতে চান, দেশের উন্নয়নের কাজে তারা তার সঙ্গে থাকবে কি না। এ সময় গ্যালারিজুড়ে শিশুদের উচ্ছ্বসিত সাড়া ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই শিশুদের মধ্য থেকেই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
পরিবেশ সংরক্ষণে শিশুদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে মানুষকে নিরুৎসাহিত করতে হবে। আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখতে সচেতন ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে পশুপাখির প্রতি সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণিকুলও দেশের সম্পদ; তাদের নিরাপত্তা ও যত্ন নিশ্চিত করা সবার দায়িত্ব।
শিক্ষা ও সৃজনশীল বিকাশের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন বা যে কোনো সৃজনশীল ক্ষেত্রে শিশুদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার দৌড় উপভোগ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহিলা ও শিশু ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিশু,খেলাধুলা,পরিবেশ