রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার,বহাল থাকছে ৭ জনের বিশেষ নিরাপত্তা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২৬ ২৩:৫৮:২৩
image

সরকার রাজধানীতে চলাচলকারী ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট বা বিশেষ নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে দায়িত্ব ও নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ছয়জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য এই সুবিধা বহাল রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন ব্যবস্থায় রাজধানীর ভেতরে ১৮ জন মন্ত্রী সাধারণ নিয়মে চলাচল করবেন। তবে রাজধানীর বাইরে সরকারি সফর বা প্রয়োজনীয় দায়িত্ব পালনের সময় তাদের জন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
যাদের জন্য এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছে তারা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তবে কোন নিরাপত্তা মূল্যায়ন বা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এই সাতজনকে এসকর্ট সুবিধার আওতায় রাখা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, প্রয়োজনীয় নিরাপত্তা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির প্রটেকশন বিভাগ সূত্রে জানা গেছে, আগে প্রতিটি এসকর্ট গাড়িতে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দায়িত্ব পালন করত। নতুন সিদ্ধান্তের ফলে ১৮ মন্ত্রীর নিরাপত্তা দায়িত্ব থেকে প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আগে এ দায়িত্বে প্রায় ১২০ জন সদস্য থাকলেও এখন তা কমে ৩০ থেকে ৩৫ জনে নেমে এসেছে। একই সঙ্গে এসকর্ট গাড়ির সংখ্যা ২৫টি থেকে কমিয়ে সাতটিতে আনা হয়েছে। অব্যাহতি পাওয়া জনবল ও যানবাহন পুলিশের অন্যান্য দায়িত্বে নিয়োজিত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, জ্বালানি সাশ্রয়, পুলিশের যানবাহনের সীমাবদ্ধতা এবং সরকারি প্রটোকল সংক্ষিপ্ত করার নীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বহরও আগের তুলনায় ছোট করা হয়েছে, যা সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ।
জানা গেছে, আগে প্রধানমন্ত্রীর বহরে পুলিশের দুটি প্রটোকল গাড়ি থাকলেও বর্তমানে তা রাখা হচ্ছে না। প্রধানমন্ত্রীর মূল নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। পুলিশের পক্ষ থেকে কেবল মোটরসাইকেল পাইলট হিসেবে চারজন সদস্য দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ব্যবস্থা রাজধানীর যানজট কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এসকর্ট, মন্ত্রী, নিরাপত্তা