'নদীর বুকে ভাসমান বন'

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-২৬ ১৫:৫০:০৬
image

বন্ধুরা, আজ পর্ব-৪০ একটি নতুন অধ্যায়ের নতুন অভিযান। এবার রাহি,অরণ ও শিসু এমন এক বিস্ময়ের মুখোমুখি হবে,যা তারা আগে কখনো দেখেনি। বাস্তব প্রকৃতির একটি অসাধারণ ঘটনা-নদীর বুকে ভাসমান উদ্ভিদের ছোট্ট জগৎ-আজকের গল্পের মূল বিষয়।

রাহি ও অরণের সবুজ পৃথিবী
'প্রকৃতির গোয়েন্দারা'
পর্ব–৪০:

সকাল থেকেই নদীর বাতাসে ছিল অন্যরকম একটা গন্ধ।
ভেজা ঘাস,কাশফুল আর কাদামাটির মিষ্টি গন্ধ।
রাহি, অরণ আর শিসু আজ মাঝি করিম কাকার নৌকায় চেপে নদীর উজানের দিকে যাচ্ছে।

হঠাৎ মাঝি কাকা বৈঠা থামিয়ে বললেন,
-'ওইদিকে তাকাও।'
তিন বন্ধু নদীর মাঝখানে চোখ মেলে তাকাতেই বিস্ময়ে নিঃশ্বাস আটকে গেল।
নদীর বুক জুড়ে যেন একটি ছোট্ট বন ভেসে চলছে।
কচুরিপানা, হেলেঞ্চা, ঘাস, শেওলা আর ছোট ছোট ঝোপ মিলিয়ে সবুজের এক দ্বীপ।
সেখানে একটি সাদা বক দাঁড়িয়ে আছে।
এক পাশে নীল ফড়িং উড়ছে।
একটি ব্যাঙ পাতা থেকে পানিতে লাফ দিল।

রাহি অবাক হয়ে বলল,
-'এটা কি সত্যিই ভাসছে?'

মাঝি কাকা হেসে উত্তর দিলেন,
-'হ্যাঁ। নদীর স্রোত একে ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যায়।'

শিসু আনন্দে বলে উঠল,
-'এ তো একেবারে নদীর ভাসমান বন!'
ঠিক তখনই বাতাসে নদীর পাড়ের পুরোনো বটগাছের পাতার শব্দ যেন ভেসে এলো।
বটদাদুর কণ্ঠ বলল,
-'প্রকৃতি অনেক সময় এমন ঘর বানায়,যা মানুষের কল্পনারও বাইরে।'

অরণ দূরবীন তুলে দেখল।
-'রাহি,ওই দেখো! ছোট ছোট মাছগুলো এই গাছগুলোর নিচে লুকিয়ে আছে।'

রাহি খাতায় লিখল,
-'প্রথম সূত্রঃভাসমান বন শুধু গাছের নয়,অসংখ্য প্রাণীরও আশ্রয়।'
নৌকা আরও একটু কাছে যেতেই একটি পানকৌড়ি ডুব দিয়ে আবার দূরে ভেসে উঠল।
তার ঠোঁটে একটি ছোট মাছ।
শিসু মুগ্ধ হয়ে বলল,
-'এখানে যেন সবাই কারও না কারও ওপর নির্ভর করে বেঁচে আছে।'
বটদাদু মৃদু স্বরে বললেন,
-'এটাই প্রকৃতির ভারসাম্য। ছোট প্রাণী বড় প্রাণীকে বাঁচায়, আবার বড় প্রাণীও সেই ভারসাম্য রক্ষা করে।'

হঠাৎ রাহির চোখে পড়ল, ভাসমান বনের এক পাশে আটকে আছে একটি কালো প্লাস্টিকের ব্যাগ।
তার সঙ্গে জড়িয়ে আছে কিছু শুকিয়ে যাওয়া ঘাস।
অরণ গম্ভীর হয়ে বলল,
-'এটা তো ঠিক নয়।'
মাঝি কাকা দীর্ঘশ্বাস ফেললেন।
'মানুষের ফেলে দেওয়া ময়লা নদী বয়ে আনে। অনেক সময় এগুলো এমন ভাসমান বনকেও ক্ষতি করে।'
শিসু চুপচাপ প্লাস্টিকটির দিকে তাকিয়ে রইল।
তার ছোট্ট মুখে আর হাসি নেই।
ঠিক তখনই দূর থেকে একটি মাছরাঙা তীরের মতো নেমে এসে মুহূর্তেই একটি মাছ ধরে উড়ে গেল।
রাহি মুগ্ধ হয়ে বলল,
-'এই ছোট্ট ভাসমান বনের মধ্যে কত জীবন লুকিয়ে আছে!'

বটদাদু বললেন,-'যে চোখ শুধু নদী দেখে,সে শুধু পানি দেখে। আর যে মন দিয়ে দেখে,সে নদীর বুকে একটি জীবন্ত পৃথিবী দেখতে পায়।'

নৌকা ধীরে ধীরে সামনে এগিয়ে চলল।
কিন্তু রাহির মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগল।
এই ভাসমান বন কি নিরাপদ থাকবে?
নাকি মানুষের অসচেতনতার কারণে একদিন এটিও হারিয়ে যাবে?

আজকের সবুজ প্রতিজ্ঞাঃ
আমি নদী,খাল বা জলাশয়ে কখনো প্লাস্টিক বা অন্য কোনো বর্জ্য ফেলব না এবং অন্যদেরও পরিষ্কার জলাশয় রক্ষায় উৎসাহিত করব।

সবুজ তথ্যঃ
ভাসমান জলজ উদ্ভিদের ঝাঁক অনেক ছোট মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় ও পাখির অস্থায়ী আশ্রয় হিসেবে কাজ করে। তবে অতিরিক্ত কচুরিপানা যেমন ক্ষতিকর হতে পারে, তেমনি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছোট ভাসমান উদ্ভিদমণ্ডল অনেক প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ নিরাপদ আবাসও হতে পারে। তাই প্রকৃতির ভারসাম্য বুঝে সংরক্ষণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চলবে...

বন্ধুরা,এটা তোমাদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা হবে।আগামীকাল পর্ব-৪১-এ তারা আবিষ্কার করবে, এই ভাসমান বনের ভেতরে এমন এক ক্ষুদ্র বাসিন্দা লুকিয়ে আছে, যাকে রক্ষা করতে না পারলে পুরো ছোট্ট বাস্তুতন্ত্রই বিপদের মুখে পড়তে পারে।