চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় র্যাবের অভিযানে সিলেটে অপহৃত এক কিশোরি (১৫) উদ্ধার হয়েছে। সেই সাথে গ্রেপ্তার হয়েছে অপহরণ চক্রের মূলহোতা পারভেজ আহমেদ(৩০) নামে এক যুবক। তিনি সিলেট মহানগরের শাহ পরান(র.) থানার কানুগুল এলাকার মৃত কুটুন মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত শনিবার (২৫জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাটের মুশরীভুজা জামতলা বাগানপাড়া এলাকায় মজিবুর রহমান নামে এক ব্যাক্তির বসত বাড়ি থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাবালিকা ওই কিশোরিকে উদ্ধার এবং পারভেজকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, ওই কিশোরির বাবা এবং পারভেজ পূর্ব পরিচিত। তাঁরা একই থানা এলাকার বাসিন্দা। ঘটনার এক সপ্তাহ পূর্বে একটি বিয়ের অনুষ্ঠানে মেয়েটির পরিবার পারভেজের গাড়িতে যাতায়াত করে। সে সময় পারভেজ কৌশলে কিশোরির বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে পারভেজ মেয়ের বাবার নম্বরে বারবার ফোন করে মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে বিয়ের প্রস্তাব দেয়। এমনকি কুপ্রস্তাবও দেয়।
পরবর্তীতে গত ১২ জুলাই সকালে মেয়েটির বাবা-মার অনুপস্থিতিতে তাদের বাড়ি সামনে মাইক্রোবাস নিয়ে অবস্থান নেয় পারভেজ। এসময় বাড়িতে মেয়েটির সাথে তার অন্ধ এক ভাই ছাড়া কেউ ছিল না। এক পর্যায়ে মেয়েটি বাড়ি হতে বের হতেই পরভেজ তাকে ৩/৪ জন সহযোগির সহায়তায় মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়ীতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা গত ১৯ জুলাই শাহ পরান (র.) থানায় নারী ও শিশু নির্যাতণ দমন আইনে মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযোগ পেয়ে র্যাব মেয়েটিকে উদ্ধার এবং মামলার ১ নং আসামী পারভেজকে ভোলাহাট থেকে গ্রেপ্তার করে। উদ্ধার ওই নাবালিকা মেয়ে ও গ্রেপ্তার পারভেজকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র্যাব।