গোমস্তাপুরের সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকৃত ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২৫ ২২:৪৪:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চাঁড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে গত শুক্রবার(২৪জুলাই) বিএসএফ যে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে, বিজিবি’র দৃঢ় ও কঠোর বাধার মূখে রাতের আঁধারে তাঁদের ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ । শনিবার (২৫ জুলাই) দুপুরে বিজিবি জানায়, ওই ৭ জনকে আর সীমান্তে ভারতীয় ভূখন্ডের দেড়শ গজের মধ্যে দেখা যাচ্ছে না।
বিজিবি জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ২১৯/২৪ আর এর নিকট দিয়ে বিএসএফ ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে (পুরুষ)  বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে চাঁড়ালডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ ব্যাক্তিকে সীমান্তের শূণ্য লাইনের ভারতীয় অংশের ৫০ গজের মধ্যে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। তৎক্ষনাৎ বিজিবি ওই ৭ ব্যাক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম শনিবার দুপুরে বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয়  মুল ভূখন্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালায় বিজিবি।  শনিবার দুপুরে আর তাঁদের সীমান্তের  ভারতীয় অংশের দেড়শ গজের ভেতের দেখা যাচ্ছে না বা চলাফেরা পরিলক্ষিত হচ্ছে না।
অধিনায়ক আরও বলেন, বিজিবি ঘটনার দিকে নিবিড়ভাবে দৃষ্টি রাখছে। বাড়ানো হয়েছে সতর্কতা। নজরদারি ও টহল কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত পারাপারের যে কোন অপচেষ্টা  ও অপতৎপরতা প্রতিহত করতে সর্বদা তৎপর রয়েছে বিজিবি।
উল্লেখ্য, এ নিয়ে বিএসএফ গত ৪ জুন থেকে ৬ দফায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৮৩ জনকে বাংলাদেশের ভেতের পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর মধ্যে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৪ দফায় ৫১ জন ও শিবগঞ্জ সীমান্ত দিয়ে দুদফায় ৩২ জনকে পুশইনের চেষ্টা করা হয় বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ গত ৪ জুলাই শিবগঞ্জের চকপাড়া সীমান্ত দিয়ে ১২জনকে পুশইনের চেষ্টা  সীমান্তবাসীদের নিয়ে প্রতিহত করে বিজিবি।