ডুমুরিয়ায় মহাসড়কের ফুটপাত দখল করে থ্রি- হুইলার স্ট্যান্ড-জীবন ঝুঁকিতে পথচারী

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৬-০৭-২৫ ১১:৩৯:৫৬
image

​ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় ব্যস্ততম মহাসড়কের ফুটপাত ও সড়কের অংশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে থ্রি-হুইলার (ইজিবাইক, মাহিন্দ্র ও সিএনজি) স্ট্যান্ড। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে মারাত্মক প্রাণহানির ঝুঁকি।
​স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, ডুমুরিয়া বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন, চৌরঙ্গী মোড়, কালিবাড়ী, কলেজ, হাসপাতাল মোড় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওপর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় শতাধিক ইজিবাইক, থ্রি-হুইলার ও নসিমন-করিমন। এছাড়াও রয়েছে অবৈধ ভাবে মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে তোলা ইট,কাঠ,বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে।মহাসড়কের ফুটপাত পুরোপুরি দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের হেঁটে চলাচলের কোনো উপায় নেই। যাত্রী ওঠানামার নামে মূল সড়কের একটি বড় অংশ আটকে রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
​স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়েই হেঁটে যেতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
​স্থানীয় এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "ফুটপাত তৈরি করা হয়েছিল মানুষের নিরাপদে হেঁটে চলার জন্য। কিন্তু এখন পুরো ফুটপাতই দখল করে থ্রি-হুইলার স্ট্যান্ড বানানো হয়েছে। ফুটপাত দিয়ে হাঁটার কোনো কায়দা নেই, বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হয়। পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দেওয়ার ভয়ে তটস্থ থাকতে হয়।"
​যানবাহন চালকদের দাবি, নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করান। তবে সাধারণ পথচারী ও সচেতন মহলের দাবি, এই অবৈধ দখলের পেছনে একশ্রেণীর অসাধু মহলের পরোক্ষ মদদ রয়েছে।
​এ বিষয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার ওপর ফুটপাত ও রাস্তা দখল করে স্ট্যান্ড তৈরি করায় পরিস্থিতি দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
​বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, অবৈধ দখলের বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।