মেসির বিদায়ের দিনক্ষণ স্পষ্ট,আন্তর্জাতিক ফুটবলে আর বেশি দিন নন

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৬-০৭-২৫ ১১:০৫:০০
image

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শুরু হওয়া জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আর্জেন্টিনার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, জাতীয় দলের জার্সিতে আর কোনো বিশ্বকাপ খেলবেন না এই কিংবদন্তি। তবে এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী মেসি আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলবেন। মূলত জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে একটি স্বাভাবিক রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করতেই তার এই সিদ্ধান্ত। এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতোমধ্যে মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। ক্রীড়া সংবাদমাধ্যম *বিইন স্পোর্টস* জানিয়েছে, তাকে সম্মান জানাতে একটি জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। সেই ম্যাচের মাধ্যমে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে রাজকীয় বিদায় জানাতে চান আয়োজকেরা।
সাধারণত অনেক তারকা ফুটবলারের অবসর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট কিংবা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে মেসির বিদায় হবে ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে-এমনটাই ইঙ্গিত মিলেছে।
২০২৬ বিশ্বকাপে বয়সকে হার মানিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেসি। পুরো আসরে আট গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করেন। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, মেসির জন্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা থাকবে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির যাত্রা ছিল সাফল্য ও সংগ্রামের এক অনন্য গল্প। ক্যারিয়ারের একপর্যায়ে টানা কয়েকটি ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরে তিনিই আর্জেন্টিনাকে সাফল্যের স্বর্ণযুগে ফিরিয়ে আনেন।
তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও শিরোপা জেতা হয়নি, তবুও বিশ্ব ফুটবলে তার অবদান ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

মেসি, আর্জেন্টিনা, আন্তর্জাতিক ফুটবল