পেরুতে খাদে পড়ে যাত্রীবাহী মিনিবাস,নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-১৭ ২০:৩৩:৪৭
image

পেরুর উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। গভীর খাদে যাত্রীবাহী একটি মিনিবাস পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার কাজামার্কা অঞ্চলের সান হুয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন বার্তা সংস্থা এএফপিকে জানান, মিনিবাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।
রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওসের উদ্দেশে মিনিবাসটি যাত্রা করেছিল। এতে চালকসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে চালক ও একটি শিশুও রয়েছে।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান বলেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় এখনো ছয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর খাদে আটকে থাকা মিনিবাসটি উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
পেরুতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্বল সড়কব্যবস্থা, যান চলাচলের নিয়ম কার্যকরে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে যানবাহন চালানোকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধরা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পেরু, দুর্ঘটনা, খাদ