যশোরে সাংবাদিক সাকিন হোসেনের মৃত্যুতে বিআরজেইউর গভীর শোক,ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-১৭ ১৭:৩২:১৮
image

যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি-এর স্টাফ রিপোর্টার এবং গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক সাকিন হোসেন-এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন তরুণ সাংবাদিকের এভাবে অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। প্রকৃতপক্ষে কী পরিস্থিতি বা কারণ তাকে এমন করুণ পরিণতির দিকে নিয়ে গেছে, তা নিরপেক্ষ ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
বিআরজেইউ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি ঘটনাটির সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে তারা দেশের সাংবাদিক সমাজের মানসিক সুস্থতা, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার, গণমাধ্যম মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।