অ র্চ না মা লা কা র

  • বানভাসিদের আর্তনাদ
  • ২০২৬-০৭-১৬ ১৫:৩২:৪৬
image

মেঘে ঢাকা আকাশ, মুষলধারে ঝরছে বৃষ্টি,
সাথে জোয়ারের পানি পথঘাট ছেপে ঘরে ঢুকছে।
চোখের পলকে ভেসে যাচ্ছে পশু-পাখি, বৃক্ষ, ঘরবাড়ি
মা-বাবা নিজের জীবনকে বিপন্ন করে
ছেলে মেয়েদের ঘাড়ে পিঠে নিয়ে খুঁজছে নিরাপদ আশ্রয়
কেউ অসহায় চোখে গামলায় করে ভাসিয়ে দিচ্ছে কোলের শিশু।
পাহাড় ধ্বসে মৃত্যু হচ্ছে আবালবৃদ্ধবনিতার
সাপ মানুষের বসত একই সাথে, আতঙ্কে কাঁপছে বুক।
কিছুই করার নেই।
চারিদিকে বুকফাটা আর্তনাদ --- কী অসহায় জীবনযাত্রা,
কে হাত বাড়াবে কার দিকে !
রোগে ভোগে প্রকৃতিক দুর্যোগে জর্জরিত সবাই,
পাহাড়ি ঢল, মেঘের গর্জন, অকস্মাৎ বজ্রপাত,
এলোমেলো ঝোড়ো হাওয়া যমদূত হয়ে কেড়ে নিচ্ছে জীবন।
ত্রাণের হাত বাড়ানোও কঠিন--প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জলবদ্ধতা।
রাতের আঁধার যেন কালরাত্রি যেন শেষ হতে চায় না,
কানে বাজে কেবল ওদের করুণ আর্তনাদ
প্রার্থনা আর ওদের পাশে দাঁড়ানোর আকুল আবেদন ছাড়া
কিছুই করতে পারি না আমরা।