স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৬-০৭-১৫ ০০:১৯:২১
image

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন।  
কর্মসূচির মধ্যে ছিল- মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ, কালিহাতীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, স্মরণসভা ও দোয়া মাহফিল ইত্যাদি। 
এদিন সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণের ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন’ এর হলরুমে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মরহুমের স্ত্রী ও নারীনেত্রী রাবেয়া সিরাজ। এ সময় উপজেলা বিএনপির নেতা, মরহুমের অনুসারী ও শিক্ষকরা স্মৃতিচারণ করেন।  
২০২০ সালের এই দিনে ৭৭ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ অসুস্থাবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।