২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন হবে ইলেকট্রিক,সংসদে জানালেন সেতুমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-১৩ ২০:২৯:৩৫
image

সরকার ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবেশবান্ধব গণপরিবহন, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে একাধিক নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সদস্য শওকত আরা আক্তারের জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইড, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ। এ কারণে জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহনের পরিবর্তে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর ওপর বিশ্বজুড়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে নিঃশর্তভাবে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। সেই লক্ষ্য অর্জনে দেশের সড়ক পরিবহন ব্যবস্থার অন্তত ৩০ শতাংশ যানবাহনকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইলেকট্রিক মোটরযানের নিবন্ধন ও চলাচলসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ কমাতে নতুন ইলেকট্রিক বাস শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত এবং অন্যান্য ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সেতুর টোল নিয়ে সংসদ সদস্যদের দাবির প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, টোল আদায় রাজস্ব-সংক্রান্ত বিষয় হওয়ায় এটি অর্থ বিভাগের আওতাধীন। ফলে যোগাযোগ মন্ত্রণালয় এককভাবে কোনো সেতুর টোল প্রত্যাহার করতে পারে না। তবে ছোট সেতুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবির বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্ধারিত নীতিমালা রয়েছে। সব এলাকায় ট্রেন থামানো হলে আন্তঃনগর ট্রেনের মূল উদ্দেশ্য ও দ্রুতগতির সেবা ব্যাহত হবে।

ইলেকট্রিক যানবাহন, কার্বন নিঃসরণ, সেতুমন্ত্রী