সখিপুরে ডিএনসির অভিযানে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ও ৩১ হাজার টাকা উদ্ধার,আটক ২

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-০৭-১৩ ১৯:২১:০২
image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে মাদকবিরোধী অভিযানে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ দুই সহোদর ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টাঙ্গাইল জেলা কার্যালয়।
সোমবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, অভিযানের সময় সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ দুই ভাইকে আটক করা হয়। তারা ওই এলাকার সালাম সিকদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসির কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।