যুক্তরাষ্ট্রের প্রবীণ সিনেটর ও রিপাবলিকান পার্টির সাবেক নেতা মিচ ম্যাককনেল কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে থাকার প্রকৃত কারণ প্রকাশ করেছেন। ৮৪ বছর বয়সী এই রাজনীতিক জানিয়েছেন, তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ায়ও আক্রান্ত হন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্টাকি অঙ্গরাজ্যের এই সিনেটরকে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার কার্যালয় থেকে কেবল জানানো হচ্ছিল যে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ অনুপস্থিতির কারণে ওয়াশিংটনে তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়। একই সঙ্গে সিনেটে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের জন্যও এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
রোববার দেওয়া এক বিবৃতিতে ম্যাককনেল জানান, ছোটবেলায় পোলিও থেকে সুস্থ হলেও সেই সময়ের শারীরিক জটিলতার প্রভাব আজও তাকে বহন করতে হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলাফেরার সমস্যাও বেড়েছে। গত মাসে পড়ে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, চিকিৎসকদের পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তার কোনো হাড় ভাঙেনি, মাথায় গুরুতর আঘাত লাগেনি এবং মস্তিষ্কে কোনো সমস্যা ধরা পড়েনি। একই সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক, টিউমার কিংবা অভ্যন্তরীণ রক্তক্ষরণেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ম্যাককনেল আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনো তিনি সিনেটে ফিরে দায়িত্ব পালনের মতো শারীরিকভাবে প্রস্তুত নন। বর্তমানে তাকে পুনর্বাসন কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার বিবৃতির সঙ্গে প্রকাশিত একটি ছবিতে চিকিৎসা শয্যায় বসা ম্যাককনেলের হাতে রোববারের ওয়াশিংটন পোস্ট পত্রিকা দেখা যায়। ছবিতে তার স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সাবেক পরিবহনমন্ত্রী এলেইন চাওও উপস্থিত ছিলেন।
গত কয়েক বছরে একাধিকবার অসুস্থতা ও পড়ে যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন ম্যাককনেল। ২০২৩ সালে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। পরে আরেক দফা পড়ে গিয়ে কবজিতে আঘাত পান। চলতি বছরের শুরুতেও ফ্লু-সদৃশ উপসর্গ নিয়ে এক সপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসা নেন।
আগামী নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন মিচ ম্যাককনেল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী জানুয়ারিতে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটবে অবসরের মাধ্যমে। তবে তার আগেই তিনি পদত্যাগ করলে কেন্টাকি অঙ্গরাজ্যের আইন অনুযায়ী আসনটি পূরণে বিশেষ নির্বাচন আয়োজন করতে হবে।
মিচ ম্যাককনেল, যুক্তরাষ্ট্র, রিপাবলিকান