গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যতের আহ্বান,গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • বরিশাল প্রতিনিধি:
  • ২০২৬-০৭-১৩ ১০:২১:০৫
image

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিটি চারার নিয়মিত পরিচর্যার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
সোমবার সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের তীরে পৌঁছে কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত এই জলধারা বাটাজোর বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সরিকল নদীর সঙ্গে মিলিত হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খালের দুই পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিবাদনের জবাবে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান উচ্চারণ করে নারিকেল ও নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যেভাবে একটি নবজাতক শিশুর যত্ন নেওয়া হয়, ঠিক তেমনি প্রতিটি চারাকেও নিয়মিত পরিচর্যা করতে হবে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় আজ প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে এবং এগুলো রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব।
বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। গৌরনদীর কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হবেন।

বৃক্ষরোপণ, গৌরনদী, বরিশাল