১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজিয়ন) ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর দাপ্তরিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। একই অনুষ্ঠানে গণিতচর্চা, সাংগঠনিক নেতৃত্ব এবং ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজিয়ন) ২০২৫-এ কুয়েটের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি শাহরিয়ার সাজ্জাদ সজল এবং সাধারণ সম্পাদক মোস্তফা আদীব চৌধুরী-কেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এ কুয়েটের শিক্ষার্থীরা একাধিক শীর্ষস্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য গৌরব বয়ে আনেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ ফারজামুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তফা আদীব চৌধুরী। এছাড়া পঞ্চম স্থান অর্জন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অঙ্কন হালদার, সপ্তম স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজানা চৌধুরী, অষ্টম স্থান অর্জন করেন ইইই বিভাগের শাহরিয়ার সাজ্জাদ সজল, নবম স্থান অর্জন করেন ইইই বিভাগের সাম্য বাছাড় এবং দশম স্থান অর্জন করেন সিএসই বিভাগের নিশাদুজ্জামান নিশাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “গণিত কেবল একটি বিষয় নয়; এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং উদ্ভাবনী সক্ষমতার মৌলিক ভিত্তি। ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডে কুয়েটের শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার উজ্জ্বল স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এ ধরনের অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক ও এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহাকরী অধ্যাপক জনাব মোঃ মাহমুদুল আলম এবং সহকারী পরিচালক ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহ মুহাম্মদ আজমত উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এর কুয়েট মডারেটর প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তাওহিদ হোসেন এবং গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। এ সময় গণিত বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণিতভিত্তিক বিশ্লেষণী দক্ষতা প্রকৌশল শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের অন্যতম প্রধান ভিত্তি। ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এ কুয়েটের শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, গবেষণামুখী পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতার উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে তাঁরা কুয়েট ম্যাথ ক্লাবের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুয়েটের শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর কৃতী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সম্মাননা প্রদান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি স্মারক আলোকচিত্র ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে গণিতচর্চা, গবেষণাভিত্তিক শিক্ষা, বিশ্লেষণী চিন্তাশক্তির বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।